করোনা আক্রান্ত মুজিবের যত্ন নিচ্ছে কুইন্সল্যান্ড ক্রিকেট

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০২:৫৯ পিএম

অস্ট্রেলিয়ায় গিয়ে করোনা ধরা পড়েছে আফগানিস্তানের তারকা ক্রিকেটার মুজিব উর রহমানের। কুইন্সল্যান্ড ক্রিকেটের কর্মকর্তারা তার দেখাশোনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়ায় উড়াল দেন মুজিব। খেলতে নামার আগেই বড় ধাক্কা খান তিনি। গত সপ্তাহে অস্ট্রেলিয়া পৌঁছানোর পরে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ওঠেন ব্রিসবেনের গোল্ড কোস্ট সাউথে। নিয়মমাফিক কভিড-১৯ পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

করোনার লক্ষণ ও অসুস্থতার কথা মুজিব নিজেও জানিয়েছিলেন। পজিটিভ ফলাফল পাওয়ার পর তাকে কুইন্সল্যান্ড হাসপাতালে নেয়া হয়।

কভিড-১৯ পজিটিভ হওয়ার ফলে ব্রিসবেন হিটের প্রথম দুইটি ম্যাচে মুজিব খেলতে পারবেন না বলে মোটামুটি নিশ্চিত।

কুইন্সল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টেরি এসসেভসন বলেছেন, ‘মুজিব তরুণ। পরিবার থেকে অনেক দূরে আছে। তার সম্পূর্ণ দেখভাল আমরা যত্নের সঙ্গে করব বলে নিশ্চিত করছি।’

এর আগে বিগ ব্যাশ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হন আরেক লেগ স্পিনার সন্দীপ লামিচানে। নেপালের এই ক্রিকেটার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত