মেহেন্দিগঞ্জে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:১৩ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের আসামি করে পুলিশ বাদী হয়ে এই মামলা করে।

শুক্রবার বিকেলে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে পুলিশ ও দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় বিবাদমান দুই পক্ষ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ত্রিপক্ষীয় এই সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৩৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর ৩ পুলিশ সদস্যকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উভয়পক্ষের আহতদের মধ্যে ১০ জনকে রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে শনিবার সকালে পুলিশ বাদী হয়ে উভয়পক্ষের অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি মামলা হয়েছে।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, পুলিশের ওপর হামলা ও পুলিশকে আহত করার ঘটনায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর মেহেন্দিগঞ্জের দক্ষিণ ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত