কুষ্টিয়ায় দলীয় কার্যালয় ভাঙচুরের নিন্দা বিএনপির

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম

কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরদিন সকালে ভাঙা অবস্থায় ভাস্কর্যটি দেখতে পেয়ে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

বিএনপির অভিযোগ, শনিবার বিকেলে ছাত্রলীগের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে দলটির জেলা কার্যালয় ভাঙচুর করেছে।  

এ অবস্থায় এদিন বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভার্চুয়াল সভা শেষে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিকেলে ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী কোন কারণ ছাড়াই মিছিল সহকারে প্রকাশ্যে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।

তিনি বলেন, দেশ পরিচালনায় ও জনগণের সমস্যা নিরসনে সীমাহীন ব্যর্থতা এবং দুর্নীতি, লুটপাট, দুঃশাসন আড়াল করতে গত সপ্তাহে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে অতর্কিতে হামলা করা হয়েছিল। এবার বিনা কারণে আকস্মিকভাবে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত