রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১১:২৩ পিএম

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নগরীর সোনাদিঘি এলাকায় রাজশাহীর সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পূর্বঘোষণা অনুযায়ী সোনাদিঘি সংলগ্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করতে হবে। আমরা জানতে পেরেছি সেখানে শহীদ মিনারের পরিবর্তে বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। শহীদ মিনারের পরিবর্তে বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা বন্ধ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই পূর্বনির্ধারিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। তা না করা হলে ২২ ফেব্রুয়ারি থেকে সর্বস্তরের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

মানববন্ধন থেকে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আলী। বক্তব্য দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মাহমুদ দ্বীপ ও মো. রিয়াজ, এইএইচটির শিক্ষার্থী মো. আকাশ, বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুন নবী সোহেল প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত