ফের আন্দোলনে নামার ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:০১ পিএম

সেশনজট নিরসন, দ্রুত সময়ে ফলাফল প্রকাশসহ ছয় দফা দাবিতে আবারও আন্দোলনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দফায় এ মানববন্ধন কর্মসূচি করবেন তারা।

শিক্ষার্থীরা জানায়, তাদের দাবির মধ্যে রয়েছে- ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেড নিয়ম বাতিল; সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের প্রমোটেড দেওয়া; অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ইম্প্রুভ পরীক্ষা আগামী ১ মাসের মধ্যে নেওয়াসহ তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে।

এ ছাড়া ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফলাফল প্রকাশ; সকল বর্ষের ফলাফল প্রকাশে সর্বোচ্চ ৯০ দিনের বেশি না নেওয়া; একই সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী না রাখা; ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করাসহ সকল ইম্প্রুভ পরীক্ষা অতি দ্রুত নিয়ে ডিগ্রি অনার্স, মাস্টার্সসহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।

২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ওবায়দুল্লাহ দেশ রূপান্তরকে জানায়, চাকরির বাজারে আমরা পিছিয়ে পড়ছি নানাবিধ জটিলতার কারণে। আমরা চাই পড়াশোনার গতিশীলতা। সেশনজট গলার কাটায় পরিণত হয়েছে।

ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী সাইমুম ইসলাম বলেন, সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করছে। কয়েকবার আমরা অভিযোগ করে সমাধান চেয়েছি। রাস্তায়ও নেমেছি। কিন্তু ফলাফল শূন্য । অনতিবিলম্বে আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। বর্তমানে সাত কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী প্রায় আড়াই লক্ষাধিক।    

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত