বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে সতর্ক অবস্থানে সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১১:১৯ পিএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার সকালে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে আমরা তাকেই শুধু অসম্মান করছি না; বরং আমরা জাতি হিসেবে নিজেদেরও ছোট করছি। বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ে সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমরা যদি তার সম্মান রক্ষা করতে না পারি তাহলে সেটা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে জাতি ক্ষক্ষিগ্রস্ত হয়েছে। আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই দেশ ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হয়ে যেত।

এর আগে মন্ত্রী এবং তুরস্কের রাষ্ট্রদূত অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানিনিষ্কাশন, সাংস্কৃতিক, গ্রামীণ উন্নয়নসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তুরস্ককে বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত