ফরিদপুর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। গত শনিবার রাতে কে বা কারা ক্যাম্পটি ভেঙে ফেলে।
তবে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সমর্থকরা ক্যাম্পটি গুঁড়িয়ে দিয়েছে। তবে আওয়ামী লীগ এ বক্তব্য নাকচ করেছে।
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় মহাকালী পাঠশালার মোড় এলাকায় মাছরাঙ্গা সুপার শপের সামনে থানা রোডের পূর্বপাশে বিএনপির এ ক্যাম্পটি স্থাপন করা হয় পাঁচ দিন আগে। চারদিকে বাঁশের খুঁটি দিয়ে তিন দিকে ও ওপরে কাপড় দিয়ে এ ক্যাম্পটি স্থাপন করা হয়। ক্যাম্পের ভেতরে ও বাইরে বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ চৌধুরীর ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত বেশ কিছু পোস্টার টাঙানো ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত কয়েক তরুণ হামলা চালিয়ে ক্যাম্পটি ভেঙে দ্রুত চলে যায়।
বিএনপি প্রার্থী নায়াব ইউসুফের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বলেন, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনী ক্যাম্পটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস বলেন, বিএনপি প্রার্থীর কোনো নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে এ জাতীয় কোনো তথ্য তার কাছে নেই।
