সাতক্ষীরা সদর উপজেলায় এক শ্রমজীবীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুরের কালিয়াকৈরে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি লাশ। বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ উদ্ধার করেছে আঘাতে হত্যার শিকার মাদ্রাসার শিক্ষার্থী ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতক্ষীরা : সদর উপজেলার দহাকুলায় আবদুল আজিজ মোল্যা নামে এক শ্রমজীবীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আজিজ মোল্ল্যার স্ত্রী রোকেয়া খাতুনসহ তিনজনকে আটক করেছে।
গাজীপুর : কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকার একটি ডোবা থেকে গতকাল রবিবার সকালে হাত-পা বাঁধা বস্তাবন্দি এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বারবাড়িয়া এলাকায় সড়কের পাশের ডোবায় সকালে বস্তায় লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
বাগেরহাট : মোরেলগঞ্জে হাসিব শেখ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডের কাছে রহমতিয়া শিশুসদন হাফেজি ও কওমি মাদ্রাসার পেছন থেকে এই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে দুর্বৃত্তরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। হাসিব মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী এলাকার সোবাহান শেখের ছেলে। সে মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে থেকে পড়ালেখা করত।
