অনিল কাপুরকে অবসর নিতে বলায় পাল্টাপাল্টি তর্ক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০২:১০ পিএম

করোনার আবহে বলিউডে কাজের চেয়ে কথা বেশি! কয়েক মাস ধরে তর্ক-বিতর্কে সরব তারকারা। এর মাঝে অনিল কাপুরকে অবসর নিতে বলে নতুন আলোচনা তুলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

‘মিস্টার ইন্ডিয়া’ অভিনেতাও ছেড়ে কথা বলার মানুষ নন। এ নিয়ে বেশ একটা গরম আবহাওয়া টুইটারে। কিন্তু কোথাও যেন খটকা লাগছে। এটা কি আদৌ আসল ‘ক্যাট ফাইট’, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য?

‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’ পেয়েছে হিন্দি ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’। সেই নিয়ে পোস্ট করেছিলেন অনিল কাপুর। তার পোস্টটি শেয়ার করে ‘অস্কার’ না পাওয়া নিয়ে খোঁটা দিলেন কাশ্যপ। ব্যস! একে অপরকে অপমান করেই চলেছেন।

অনিল কাপুর নিজের ঘন চুলের জন্য সিনেমায় সু্যোগ পান— এ দাবি অনুরাগের। এমনকি অভিনেতাকে অবসর নিতেও বলে দিলেন।

অনুরাগ লেখেন, “স্যার, সমস্ত ৪০ বছরের পুরোনো গাড়িকেই কিন্তু ভিনটেজ বলে না। কোনোটাকে বিপদও বলে।” পাশে হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘অবসর হাতছানি দিচ্ছে’। শুধু তাই নয়, সঙ্গে ছবিও দিয়েছেন। অনিল অভিনীত নতুন চারটা সিনেমার পোস্টারের কোলাজ।

তার উত্তরে অনিল লিখলেন, “আরে আমার গাড়ি ৪০ বছর চলেছে এই অনেক। তোর গাড়ি তো গ্যারেজ থেকেই বেরোয়নি এখনো।” পাল্টা জবাব, “গাড়িটা যদি ‘রেস থ্রি’র গাড়ি হয়, তা হলে গ্যারেজ থেকে না বেরোনোই ভালো।”

এবার অনিল হিসাবের খাতা খুললেন। দেখিয়ে দিলেন, ‘রেস থ্রি’ ছবিটি বক্স অফিসে কত টাকার ব্যবসা দিয়েছে আর অনুরাগ পরিচালিত ‘বম্বে ভেলভেট’ কত। প্রথমটির আয় ৩০০ কোটি আর দ্বিতীয়টা ৪৩ কোটি রুপি নিয়ে বলিউডের ইতিহাসে অন্যতম ফ্লপ ছবি। সেই টুইট শেয়ার করে আবার কাশ্যপের খোঁচা, “ঠিক আছে স্যার। কাঁদবেন না।” নিচে অনিল কাপুরের ছবি।

তবে একে সত্যিকারের ঝগড়া বলতে রাজি নন অনেকে। তাদের মতে নতুন সিনেমার প্রচারে এ কাণ্ড।

জানা গেছে, বিষয়টি আসলেই সাজানো। নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’ নামের সিনেমায় অভিনয় করেছেন অনিল ও অনুরাগ। সেখানে তাদের চরিত্র বাস্তবের মতোই নির্মাতা ও অভিনেতার। আর সিনেমাটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মিতওয়ানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত