অসমাপ্ত স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গ্রহণসহ পর্যায়ক্রমে সকল অসমাপ্ত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ চলে।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আগামী রবিবার ইউজিসির সঙ্গে সকল উপাচার্যদের বৈঠক আছে। সেখানে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়ন হবে।
আর যদি না-ও আসে তবে জরুরি একাডেমিক কাউন্সিল সভা করে বিশ্ববিদ্যালয় তার নিজের মতো করে পরীক্ষা গ্রহণের দিকে যাবে বলে উপাচার্য জানান।
এছাড়া বিভাগীয় প্রধানদের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিতেও বলেছেন তিনি।
একপর্যায়ে উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আরও সাত দিনের সময় বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করে তা বাস্তবায়নের দিকে এগোতে হবে। নতুবা কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, করোনাকালীন সরকারি ছুটির সঙ্গে আগের সেশনজটের কারণে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে তীব্র সেশনজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অন্যতম অন্য দাবিগুলোর মধ্যে ছিল আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষাসহ সরকারি চাকরির পরীক্ষায় যেন শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।
