চলমান স্নাতক শেষ বর্ষের পরীক্ষাসহ সব পরীক্ষা নেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ও সামনে আগুন জ্বেলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ হয়। পরে আন্দোলনরত প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আগামী রবিবার ইউজিসির সঙ্গে উপাচার্যদের বৈঠক রয়েছে। সেখানে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এলে জরুরি একাডেমিক কাউন্সিল সভা করে পরীক্ষা গ্রহণের দিকে যাবে বিশ্ববিদ্যালয়।
বিভাগীয় প্রধানদের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিতেও বলেছেন উপাচার্য।
উপাচার্যের বক্তব্যে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা বলেন, সাত দিনের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করে তা বাস্তবায়ন করতে হবে। নতুবা কঠোর আদোলন গড়ে তোলা হবে।
