জজকোর্টেও এমপি নিক্সনের জামিন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০১:০৬ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাইকোর্টে জামিনের পর এবার ফরিদপুরের জজ কোর্ট থেকে জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালত মঙ্গলবার বেলা ১১টায় দুই হাজার টাকা মুচলেকা নিয়ে তাকে জামিন দেন।

এমপি নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলাটি করেছে নির্বাচন কমিশন।

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, অশোভন আচরণ, গালিগালাজ ও হুমকির অভিযোগে গত ১৫ অক্টোবর মামলা করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনের দিন সেখানকার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়া ও বুথের সামনে ধূমপান করার সময় একজন পোলিং এজেন্টকে আটকের ঘটনায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এমপি নিক্সনের অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি সংবলিত টেলিফোন আলাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

তবে, মুজিবর রহমান চৌধুরী নিক্সন দাবি করেন ওই অডিও রেকর্ডটি সুপার এডিটেড করে ভাইরাল করা হয়েছে।

এ মামলায় গত ২০ অক্টোবর আট সপ্তাহের জন্য হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন এমপি নিক্সন।

আজ মঙ্গলবার আদালতে নিক্সনের জামিনের সমর্থনে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী শামসুল হক ভোলা মাস্টার। রাষ্ট্রপক্ষ এ জামিনের আবেদনের বিরোধিতা না করায় আদালত দুই হাজার টাকার বেলবন্ডে সাংসদ নিক্সকে নিয়মিত জামিন দেন।

জামিন পাওয়ার পর সাংসদ সদস্য নিক্সন জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, ওই নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় তার এ মামলাটি গুরুত্ব হারিয়েছে কিনা সে বিবেচনা আদালত করবে।

এদিকে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় ১০ অক্টোবরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনটি বাতিল করে দেয়। পরে তারিখ ঘোষণা করে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন থেকে এ সিদ্ধান্ত জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত