বরিশালে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে বিয়ার ও দেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে বরিশাল নদীবন্দর থেকে কাকেরগঞ্জ উপজেলার বাহেরচরগামী হায়াত লঞ্চে অভিযান চালিয়ে ৪৭ ক্যান বিয়ার ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বরিশাল (সিপিডি) কোস্টগার্ড স্টেশন কন্টিজেন্ট কমান্ডার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় এম এল হায়াত এক্সপ্রেস লঞ্চে অভিযান চালিয়ে ওই মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
বরিশাল দক্ষিণ জোন কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন লাহারহাট এলাকায় এম এল হায়াত এক্সপ্রেস নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায়।
এ সময় এম এল হায়াত এক্সপ্রেস যাত্রীবাহী লঞ্চটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্যাকেট ভর্তি ৪৭ ক্যান বিয়ার ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।
দক্ষিণ জোন কোস্ট গার্ড লে. কমান্ডার এম মেহেদী হাসান বলেন, যাত্রীবাহী লঞ্চ থেকে বিয়ার ও দেশি মদ উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মাদকদ্রব্য বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় হস্তান্তর করা হয়েছে।
