একা একা ছুটে চলছিল একটি ষাঁড়। ঘুরতে ঘুরতে চলে আসে বাজারে মানুষের ভিড়ে। মানুষ ভয় পেয়ে প্রহার করে, আর এতেই অভিমান করে বসে ষাঁড়টি। অভিমানে সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। এ সময় ভয়ে কেউ কাছে যায়নি এবং এই পথটিও এড়িয়ে চলে। এভাবেই ষাঁড়ের অভিমানের কারণে বন্ধ থাকে ব্যস্ততম রাস্তার ৩০ মিনিট।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারে। ষাঁড়টির মালিক দীপক রাজভর। রাঙ্গিছড়া চা বাগানে তার বাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ষাঁড়টি বাজারে আসলে কে বা কারা তাকে প্রহার করে। সে কারণে হয়তো বা ষাঁড়টি অভিমান করে প্রায় আধা ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে। পরে মালিককে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন এবং তাকে দেখা মাত্র ষাঁড়টি স্থান ছেড়ে দৌড় দেয়।
ঘটনাস্থলে থাকা বাবুল আহমদ বলেন, হঠাৎ বাজারে ষাঁড়টি এসে হাঁকডাক শুরু করে। কেউ কেউ তখন ধমক দেন ও সামান্য প্রহার করে। পরে ষাঁড়টি রাস্তার মধ্যখানে এসে দাঁড়িয়ে যায়। বাজারের মানুষ ধমকা-ধামকি করেও ষাঁড়টিকে রাস্তা থেকে সরাতে পারেননি। পরে মালিক আসার সঙ্গে সঙ্গে দৌড়ে তার সাথে চলে যায়। এ সময় আধা ঘণ্টা কোনো গাড়ি ও মানুষ চলাচল করতে পারেনি। সম্ভবত সে অভিমান করেছিল।
