সিলেটে চরমোনাই পীরের মাহফিলের অনুমতি বাতিল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫১ পিএম

চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের পূর্ব নির্ধারিত ওয়াজ মাহফিল শেষ পর্যন্ত হচ্ছে না সিলেটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ প্রশাসন ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করেছে। 

আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী এই ওয়াজ মাহফিল সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য মাদ্রাসা মাঠকেও প্রস্তুত করা হয়েছিল। নির্মিত হয়েছিল একাধিক তোরণ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ভাস্কর্য বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। গত রবিবার একটি মিছিল থেকে বিক্ষুব্ধ একদল যুবক চরমোনাই পীরের ওয়াজ মাহফিলের তোরণের ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করে। উত্তেজনা এড়াতে পুলিশ প্রশাসন ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করেছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ।

জানা যায়, ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখা প্রতিবছর সিলেটে ওয়াজ মাহফিলের আয়োজন করে। কিন্তু এখন প্রশাসন অনুমতি বাতিল করায় মাহফিল হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত