পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত হালিম ঢালী (৪২) উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের নুরুল ইসলাম ঢালীর ছেলে। এছাড়া স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বেলাল হোসেনকে (৩৭) একই দিন দুপুরে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
পিরোজপুরের ঘটনায় বাদীপক্ষের আইনজীবী রাজ্জাক জানান, ২০১৩ সালে হালিম ঢালীর সঙ্গে হাসি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় হাসিকে মারধর করতেন হালিম। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ এপ্রিল যৌতুকের দাবিতে মারধরের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাসি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানোর পর ৭ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন হাসির মা আনোয়ার বেগম।
অন্যদিকে সিরাজগঞ্জের ঘটনায় মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের ফজল হক প্রামাণিকের মেয়ে বিলকিস খাতুনের (২০) সঙ্গে বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জের ধরে ২০১৪ সালের ১৪ মে রাতে বিলকিসকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে বেল্লাল। এ ঘটনায় নিহতের ভাই চারজনকে আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা করেন।
