উদীচী বোমা হামলা দিবসে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১২:৩৩ এএম

নেত্রকোনায় উদীচী বোমা হামলার ট্র্যাজেডি দিবসে ৫ মিনিটের জন্য ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে নিহতদের স্মরণে নেত্রকোনা শহরে একযোগে ৫ মিনিটের জন্য নীরবতার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর আগে সকালে সাড়ে ৯টায় নিহতদের স্মরণে শহরের অজহর সড়কে নির্মিত স্মৃতিস্তম্ভে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সেখান থেকে শোকর‌্যালি বের করে শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনে প্রতিবাদী মানববন্ধন পালন করা হয়। কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

২০০৫ সালের এই দিনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় উদীচীর খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাস, ভিক্ষুক, পথচারী ও আত্মঘাতী কিশোরসহ আটজন নিহত ও ৯২ জন আহত হন। আহতদের মধ্যে অনেকের শরীরে এখনো রয়ে গেছে বোমার স্পি্রন্টার। এরপর থেকে প্রতি বছর নেত্রকোনাবাসী দিবসটি ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত