যশোরের বাঘারপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সহিংসতায় আহত খালেদুর রহমান টিটো (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতসলপাড়া গ্রামে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে খালেদুর রহমান টিটো আহত হয়েছিলেন।
সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর সমর্থক খালিদুর রহমান টিটোকে স্বতন্ত্র প্রার্থী দীন মোহাম্মদ দিলু পাটোয়ারির সমর্থকেরা কুপিয়ে জখম করে।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি।
