কুয়াশা থাকবে আরও দু-এক দিন, বৃষ্টি শুরু হতে পারে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম

সারা দেশে বিরাজমান ঘন কুয়াশা আরও দু–এক দিন থাকতে পারে। কুয়াশা আরও ঘন হয়ে দেশের বিভিন্ন স্থানে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হতে পারে।

শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে—১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা জানান, ভূমধ্যসাগর থেকে আসা এই কুয়াশা সরে গিয়ে হিমালয়ের পাদদেশে বৃষ্টি হয়ে ঝরে বিদায় নেবে। আরব সাগর থেকে আসা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প মিলে চার দিন ধরে জমে থাকা কুয়াশা আরও ঘন হয়ে উঠেছে।

সকাল থেকেই দিনের আলো যেন সন্ধ্যার আঁধারে পরিণত হয়েছে। দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি কিন্তু বেড়ে চলেছে। আবহাওয়াবিদেরা বলছেন, এই ঘন কুয়াশা আরও দু–এক দিন থাকতে পারে।

আজ রাত বা কাল সকাল থেকে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে ময়মনসিংহ হয়ে রাজধানী পর্যন্ত অনেক এলাকায় ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, সোমবার সূর্যের দেখা পাওয়ার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমতে থাকবে। বিশেষ করে পশ্চিমা লঘুচাপ ছড়িয়ে পড়ায় সারা দেশেই শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। তাপমাত্রা দ্রুত কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার পর থেকে কুয়াশা আরও বাড়তে পারে। তবে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে নদীতীরবর্তী এলাকায় কুয়াশা বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত