হল বন্ধ রেখে ২৬ ডিসেম্বর থেকে ঢাবিতে পরীক্ষা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০২:২৫ এএম

চলতি বছরের মার্চ থেকে করোনার কারণে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত জুন থেকে অনলাইনে ক্লাস চললেও কোনো পরীক্ষা হয়নি। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু বিদ্যমান পরিস্থিতির কারণে আবাসিক হলগুলো খোলা হবে না। তবে শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।

সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াছির রহমান রুদ্র বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তবে আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়া সমীচীন নয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়া থাকার কোনো নিরাপদ আবাসন ব্যবস্থা নেই। তার ওপর দীর্ঘদিন থেকে ঢাকার বাইরে থাকার কারণে বাড়তি অনিশ্চয়তা তো থেকেই যায়।’ দর্শন বিভাগের শিক্ষার্থী নুর মুহাম্মদ সাগর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ার কথা নয়। তারা যথেষ্ট সচেতন এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি ভালোভাবেই বোঝেন। হলগুলো খুলে দিলে তারা নিজেদের মতো করে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করে পরীক্ষা দিতে পারবেন।’

এই মুহূর্তে আবাসিক হলগুলো খোলার কোনো সম্ভাবনা নেই জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকায় এসে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে থাকতে হবে। হল খোলার কোনো চিন্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। এর আগে কয়েকটি বিভাগ পরীক্ষা নিয়েছিল। সেখানেও শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ছিল।’

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। অনলাইনের ওই সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল, অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউটগুলোর পরিচালকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত