আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত।
শনিরবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমিনিটি আদেশ জারি করা, জেলহত্যা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করাসহ এমন কোনো জঘন্য কাজ নেই যা বিএনপি করেনি। জন্মলগ্নথেকে ক্ষমতার লোভে ধারাবাহিকভাবে তারা মানবতা বিরোধী আপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুন্যালে তাদেরও বিচার হওয়া উচিত।’
বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অতীত ষড়যন্ত্রের ইতিহাস, তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ। এদেশের রাজনীতির ইতিহাসে মাস্তান তন্ত্রের জনক বিএনপি। বিএনপির দলের মধ্যে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কি করে।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, একটি বড় দলে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু এই প্রতিযোগিতা হতে হবে সংগঠনিক নিয়মনীতি মেনে। কোনোভাবেই দলকে প্রশ্নবিদ্ধ করে কোনো কাজ করা যাবে না। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের শৃঙ্খলার বিষয়ে কঠোর। দলের শৃঙ্খলা না মানলে তাকে দল ছাড় দেবে না।
তিনি বলেন, নিজের অবস্থান করতে পকেট কমিটি করা যাবে না। দলকে সংগঠিত করতে ত্যাগিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কোনো চাঁজাবাজ, দুর্নীতিবাজদের নিয়ে কমিটি করা যাবে না।
আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
