গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালীর বাউফলে নারীকে হত্যা করা হয়েছে কুপিয়ে। চুয়াডাঙ্গায় এক শিশুকে শ^াসরোধে এবং সুনামগঞ্জে অপর শিশুকে খুন করা হয়েছে পাথর দিয়ে মাথা থেঁতলে। প্রতিনিধিদের পাঠানো খবর :
গাজীপুর : শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটিতে গিয়াস উদ্দিন (৫৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে কেওয়া নতুন বাজার সংলগ্ন মাওনা-শ্রীপুর সড়কের পাশে নিজের গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গিয়াস শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটির আবদুল মালেকের ছেলে।
নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, গিয়াস উদ্দিন দীর্ঘদিন যাবৎ নিজের গ্যারেজে অটোরিকশা তৈরি এবং ব্যাটারির বৈদ্যুতিক চার্জের কাজ করত। নিরাপত্তার স্বার্থে রাতে সে একাই ওই গ্যারেজে ঘুমাত। গতকাল শনিবার সকালে আমার ছেলে নিহতের ভাতিজা সুমন ও চার্জ দেওয়া অটোরিকশার এক চালক রিকশা আনতে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পায়।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিহতের শরীরে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পটুয়াখালী : বাউফলে লাউগাছে মাটি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে রানী বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে পুষ্প বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত রানী বেগম কেশবপুর গ্রামের আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী।
চুয়াডাঙ্গা : শ^াসরোধে হত্যার শিকার অজ্ঞাত এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে বিবস্ত্র এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশের ধারণা, গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ : পৌর শহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসা ওরফে তালহা নামের চার বছরের শিশুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে গতকাল শনিবার দুপুরে আটক করা হয় ওমর ফারুক নামে এক তরুণকে। ওমর ফারুক সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত ছান্দ আলীর ছেলে। গত শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের গুজাউড়া হাছননগরে তালহাকে পাথর মেরে হত্যার ঘটনাটি পাশের একটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।
