আঙুলের চোটে ক্যারিবীয়দের বিপক্ষে অনিশ্চিত নাঈম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০২:৩৬ এএম

টেস্ট অধিনায়ক মুমিনুল হকের পর এবার আঙুলের চোটে পড়লেন তরুণ স্পিনার নাঈম হাসান। যিনি টেস্ট দলে নিয়মিত মুখ। এমনকি জানুয়ারিতে সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলছিলেন নাঈম। বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে নেমে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান।

শনিবার দলটির পক্ষ থেকে জানানো হয়, আঙুলের ইনজুরির কারণে চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাঈম।

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার করাতে হবে নাঈমকে। পরবর্তী পদক্ষেপের জন্য নাঈম প্রস্তুত বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি।

তিনি বলেন, ‘পরবর্তী পদক্ষেপের জন্য রবিবার বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমরা। এটি উদ্বেগের বিষয়, কারণ তার আঙুলে চিড় ধরেছে। যদি অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে, তবে এটি ঠিক হতে সময় লাগবে।’

জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। সিরিজে তিনটি করে টেস্ট-ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা তাদের। তবে সিরিজের দৈর্ঘ্য কমতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত