লিগ পর্ব শেষ। এবার প্লে-অফের লড়াই। ধীরে ধীরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আসলে শেষের অপেক্ষায়। বা বলা যেতে পারে চ্যাম্পিয়ন দলকে খোঁজে নেওয়ার অপেক্ষায়।
পাঁচ দলের এই আসরের লিগ পর্ব শেষ হয়েছে শনিবার। মিনিস্টার গ্রুপ রাজশাহী দুর্ভাগা দল, যারা একমাত্র দল হিসেবে বাদ পড়েছে। ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছিল দলটি।
একদিন বিরতি দিয়ে সোমবারই শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। যে চার দল এই পর্বে সুযোগ করে নিয়েছেন তারা হলো- গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল।
লিগ পর্বে সবগুলো ম্যাচ শেষে ৮ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পেয়েছে চট্টগ্রাম। ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে খুলনা। তাই টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল চট্টগ্রাম ও খুলনা।
যে দল হারবে তারা ফাইনালে খেলার জন্য আরেকটা সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে তারা।
তার আগে তৃতীয় স্থানে থাকা ঢাকা খেলবে চতুর্থ বরিশালের বিপক্ষে। ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান পেয়েছে ঢাকা। আর ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়ে টেবিলের চতুর্থস্থানে বরিশাল। তাই এলিমিনেটরে খেলবে এই দুই দল। যে দল হারবে তারা বিদায় নেবে। আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে ঢাকার বিপক্ষে লড়বে বরিশাল। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১২টায়। একই দিন বিকেল সাড়ে ৫টায় প্রথম কোয়ালিফাইয়ারে গাজী গ্রুপ চট্টগ্রাম খেলবে জেমকন খুলনার বিপক্ষে।
হেরে যাওয়া দল মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটর ম্যাচে জয়ীদের বিপক্ষে। ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল।
প্লে-অফের সূচি
এলিমিনেটর
বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশাল (১৪ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টা)
প্রথম কোয়ালিফায়ার
গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা (১৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৫টা)
দ্বিতীয় কোয়ালিফায়ার
এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল (১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টা)
ফাইনাল
প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (১৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা)
* সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর
