ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণার মামলায় দুই যুবককে গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত উজ্জ্বল হোসেনে (২৭) বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া গ্রামের রফিকুল ইসলাম খোকনের ছেলে ও জাহিদ ইসলাম (২৫) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট এলাকার বড় আঁচড়া গ্রামের ছামসুজ্জোহার ছেলে।
জানা যায়, জাহিদ ও উজ্জ্বল ঝিনাইদহের, কালীগঞ্জ, যশোর ও কেশবপুরসহ বিভিন্ন এলাকার ইউপি মেম্বর-চেয়ারম্যানদের কাছে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল। তাদের প্রতারণার বিষয়টি ছিল ভিন্ন। স্মার্ট ভাবে কথা বলে তারা সহজেই ইউপি চেয়ারম্যান এবং মেম্বরদের বশ করতে পারত।
এ ভাবে তারা কালীগঞ্জের ২০ ব্যক্তির কাছে পুলিশ পরিচয়ে ফোন করে ৭ ব্যক্তির কাছে সফল হয় এবং টাকা হাতিয়ে নেয়।
এ ছাড়া ঝিনাইদহ ও যশোরের কেশবপুর এলাকার মেম্বার চেয়ারম্যানদের কাছেও ফোন করে একইভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। শনিবার রাতে কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া ও পিএসআই আশিকুল সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের অভয়নগর উপজেলার আলমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাহিদ ও উজ্জ্বল হোসেন নামের দুই যুবককে গ্রেপ্তার করে।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নগদ ৬২ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়।
