কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী ১২শ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত দেশি-বিদেশিদের নিরাপত্তা ব্যবস্হার ওপর আস্থা তৈরি, নিজস্ব পূর্ব প্রস্তুতি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সদস্যগণ কর্তৃক এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করে।
এ সময় সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন।
সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলন আয়োজন করে।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মাতারবাড়ী প্রকল্প এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সদা প্রস্তুত। আজকের অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হলো যা ভবিষ্যতেও চলমান থাকবে।
