গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরে রাখার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখা।
গতকাল রবিবার দুপুরে জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি নেয়ামুল আহসান পামেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক তপন কুমার বর্মণ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গাইবান্ধা জেলা শহরে চার লেন রাস্তার কারণে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ বর্তমান জায়গা ডিবি রোড থেকে অন্যত্র স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু তা অবাস্তবসম্মতভাবে শহর থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে স্থানান্তরের কোনো যৌক্তিকতা নেই। শহরের ভেতরেই অনেক ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই কলেজটি স্থানান্তর করা যেতে পারে।
