হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের টাকা লুটপাটকারীদের দ্রুত গ্রেপ্তার, এই চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা, জেলার সব হাসপাতালে নাগরিকদের চিকিৎসার সব ধরনের পরীক্ষার ব্যবস্থা নিশ্চিতকরণ, শিল্পবর্জ্যে দূষিত সুতাং নদী রক্ষা এবং বর্জ্যব্যবস্থার আধুনিকায়ন করে হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন যানজটমুক্ত করাসহ ১৫ দফা দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ।
হবিগঞ্জের খোয়াই থিয়েটার মিলনায়তনে গতকাল রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এক পরামর্শ সভা থেকে এসব দাবি জানায় সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ। মুখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা এতে বক্তব্য দেন। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আছেন সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, মুখলেছুর রহমান, তাজউদ্দিন আহমেদ সুফী, নুরুল হুদা চৌধুরী শিবলী, সাংবাদিক শোয়েব চৌধুরী, জুনায়েদ আহমেদ, চৌধুরী মহিবুন্নুর ইমরান, হাফিজুর রহমান নিয়ন, ডা. বিভূতি ভূষণ দাশ, ডা. এস এম আবরার জাবের, ভূপিকা রঞ্জন দাশ।
