রাবিতে সব নিয়োগ স্থগিত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিটি গত রবিবার বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ কার্যক্রম স্থগিতকরণ’ শিরোনামে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চিঠিটির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিব এবং শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিবকেও পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

এর আগে গত ২৬ নভেম্বর বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মেলন করে। সেখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের ‘দুর্নীতি’ নিয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাবিতে সব ধরনের নিয়োগ বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত