পাখির অভয়ারণ্য গড়তে চুয়াডাঙ্গা শহরের গাছের ডালে নীড় বেঁধে দেওয়া হচ্ছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা শহরের পুলিশ লাইনসের সামনে থেকে গাছের ডালে কলস ও বাঁশের তৈরি পাখির বাসা বেঁধে দিয়ে এ কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
‘পুলিশের বিচরণ যেখানে, পাখিদের অভয়ারণ্য সেখানে’ এ স্লোগানে পাখির বাসা গড়ার উদ্যোগ নেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। জেলার ৫টি থানা, ১টি ফাঁড়ি, ৩০টি ক্যাম্প ও ৩৯টি স্থাপনায় পাখির জন্য পাঁচ হাজার মাটির কলস ও বাঁশের তৈরি বাসা বেঁধে দেওয়া হচ্ছে। যেখানে বাস করতে পারবে ২০ থেকে ২৫ হাজার পাখি।
