১১ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ উপলক্ষ করে আড়াই বছর পর প্রথমবার দেখা হয়ে যায় সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়নস লিগে এবার মুখোমুখি করে দিচ্ছে দুই বন্ধু মেসি-নেইমারের। প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা খেলবে পিএসজি’র সঙ্গে। এই উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি ও ১০ মার্চ প্যারিসে ও বার্সেলোনায় মুখোমুখি হবে দুই বন্ধু। নেইমার বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম সাবেক সতীর্থের বিপক্ষে নামবেন।
প্রি-কোয়ার্টারের ড্র-তে এটাই দুই জায়ান্টের মুখোমুখি হওয়া। বাকি লড়াইগুলোতে ফেভারিটরা আলাদা পথেই আছে। শিরোপাপ্রত্যাশী জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নামতে হবে তারও স্বদেশি ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ইতালির সারপ্রাইজ দল আতালান্তার। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে ২০ বছর পর প্রি-কোয়ার্টার নিশ্চিত করা লাৎসিওকে। গতবারের ইউরোপা লিগ জয়ী সেভিয়া বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে খেলবে। ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হবে গতবারের রানার্সআপ লাইপজিগের। এছাড়া দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া মনশেনগ্লাডবাখের। ম্যানসিটির প্রতিপক্ষ মনশেনগ্লাডবাখ তাদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের প্রি-কোয়ার্টারে উঠল।
বার্সেলোনা ও পিএসজি এখন পর্যন্ত মোট ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। ১৯৯৬-৯৭ সালে ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে কাপ উইনার্স কাপ জিতেছিল বার্সা। ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগে প্রি-কোয়ার্টারে দুদলের সবশেষ লড়াইয়েও জয় বার্সার। প্রথম লেগে প্যারিসে ৪-০ গোলে হেরে যাওয়া বার্সা নিজেদের মাঠে ৬-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল। ম্যাচটি চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সেরা ম্যাচ হিসেবে স্বীকৃত। এমনিতে বার্সার বিপক্ষে পিএসজির রেকর্ড সুখকর নয়। ১১ ম্যাচে ৫টিতে হার ও ৩টি করে জয় ও ড্র ফরাসি জায়ান্টদের।
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে এর আগে ৮ ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে লড়েছে। আতালান্তা তাদের নবম প্রতিপক্ষ। ইতালির দলগুলোর সঙ্গে মোট ৮১ লড়াইয়ে সাফল্য বেশি রিয়ালের। জয় ৪৩টি। মাদ্রিদিস্তারা সবচেয়ে বেশি খেলেছে জুভেন্তাসের সঙ্গে, ২২ ম্যাচ। তার মধ্যে ১১টি জয় ও হার ৯টি। এরপর ইন্তার মিলানের সঙ্গে ১৭ ম্যাচে ৮ জয় ও ৭ হার এবং এসি মিলানের সঙ্গে ১৬ ম্যাচে ৭ জয় ও ৬ হার।
রোনালদোকে জুভেন্তাস এনেছিল চ্যাম্পিয়নস জয়ের লক্ষ্য নিয়ে। কিন্তু গত দুই মৌসুম রোনালদোও দলটিকে কাক্সিক্ষত শিরোপা দিতে পারেননি। এবার নকআউট পর্ব নিজ দেশের ক্লাবের সঙ্গে লড়বেন। পোর্তোর সঙ্গে আগের ৫ লড়াইয়ে ৪ জয় জুভেন্তাসের। ড্র ১টি। এছাড়া পর্তুগালের ৫ দলের সঙ্গে ১৮ লড়াইয়ে ১০ জয় জুভেন্তাসের।
২০০২ থেকে কোনো জার্মান প্রতিপক্ষ লিভারপুলেকে হারাতে পারেনি। চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে জার্মান দলগুলোর সঙ্গে শেষ ১০ ম্যাচে অলরেডদের রেকর্ড লাইপজিগ রুখবে?
