প্রশাসন-বিচার বিভাগের লোকজন রাজপথে কেন, প্রশ্ন রিজভীর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০২:৪১ পিএম

জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশের পাশাপাশি বিচারকদেরও রাজপথে নামা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সংবিধানের কথা বলে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এমনকি বিচারকরাও রাজপথে নেমে এসেছেন। রাজপথে সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের এমন ভূমিকা দেখে জনগণ ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত ও ক্ষুব্ধ।’

মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার। বিচারকদের অন্য কোনো চেতনা থাকতে পারে না, তাদের একটি মাত্র চেতনাই থাকা দরকার আর সেটি হলো ন্যায়বিচার।’

‘তারাই যদি কোনো একপক্ষ নিয়ে রাস্তায় নামে তাহলে অন্য পক্ষের কথা কে শুনবে? তাহলে ন্যায়বিচার বলে তো কিছু থাকবে না। একদলীয় শাসনে যেমন একদলীয় চেতনাই রাষ্ট্রের সবখানে প্রতিফলিত হয়, সেটিরই প্রতিচ্ছবি দেখা গেল বিচারক ও প্রশাসনের ব্যক্তিদের রাজপথে নামার মধ্য দিয়ে’ যোগ করেন তিনি।

বিএনপি মুখপাত্র বলেন, ‘ জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কার বিরুদ্ধে মাঠে নামলেন? তারা কী দাবি নিয়ে রাজপথে নামলেন? কার কাছে দাবি জানালেন? কাকে হুমকি দিলেন? কাকে প্রতিপক্ষ বানালেন?’

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, ‘সোমবার (১৪ ডিসেম্বর) রাতে শাহজাদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মাহমুদুল হাসান সজলের ওপর হামলা হয়েছে। জনসংযোগ থেকে ফেরার সময় আওয়ামী লীগ প্রার্থী তরু লোদীর নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সশস্ত্র দল এ হামলা চালায়।’

রিজভী বলেন, হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি দলীয় প্রার্থী সজলসহ তিনজনকে গুরুতর আহত করে এবং নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত