আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয়। বাঙালি জাতির আত্মগৌরবের দিন। বাঙালির বিজয়ের দিন। বিজয়ের এই দিনে শহীদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জাতীয় পতাকার ছবি ফেইসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না, আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা। আমি মরেও বারবার চাইব এ পতাকা তলে আসতে। আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।’
তিনি আরো লিখেন, ‘৭১ এর সাহসী সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা/ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্ত বিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্য সন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেইসবুক পেজে লিখেছেন, ‘১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ, এ দেশের মানুষ মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পেরেছি তাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেন, ‘মাঠে আমরা জয় পাই। উৎসব করি। কিন্তু এটা সম্ভব হতো না যদি না এই দিনটা আসত। ১৬ ডিসেম্বর, ১৯৭১। আমি প্রতিটি বল মোকাবিলা করার সময়, রান নেওয়ার সময় গর্ব বোধ করি, কারণ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করছি। গর্ব নিয়ে নিজ দেশের পতাকা উড়াতে পারি, বলতে পারি আমি গর্বিত বাংলাদেশি। মাতৃভূমির বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম।’
ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, ‘জীবন দিয়ে যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়। যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে ততদিন এই দিনটির গুরুত্ব ও সম্মান অক্ষুণ্ন থাকবে।’
গৌরবের এই দিন উপলক্ষে রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদসহ আরো এক ঝাঁক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
