ডিয়েগোর সম্মানে নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০১:০৭ এএম

প্রস্তাবটা যদি বাস্তবে আলোর মুখ দেখে তাহলে সেটা ফুটবলের ইতিহাসে বৈপ্লবিক ঘটনা হিসেবে চিহ্নিত হবে। লুইগি ডি মাওয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ডিয়েগো ম্যারাডোনার নামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন। ফিফার সিদ্ধান্ত এখনো জানা যায়নি। ডি মাওয়া হলেন ইতালির চ্যান্সেলর। তার বাড়ি নেপলস সংলগ্ন এভিলিনোতে। ছোটবেলায় তিনি নাপলিতে ম্যারাডোনার ফুটবল রূপকথার গল্প শুনে বড় হয়েছেন। তার কাছে আর্জেন্টাইন কিংবদন্তি একটা মিথ। তিনিই ফিফাকে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার প্রস্তাব দিয়েছেন। ইতালির রাজনৈতিক মহলের কাছ থেকেও সাড়া মিলেছে। টুর্নামেন্ট হবে নেপলসে। অংশ নেবে আর্জেন্টিনা, ইতালি এবং ইংল্যান্ড। প্রস্তাবকারীরা এই তিন দেশকে বেছে নিয়েছেন, কারণ একটাতে ম্যারাডোনার জন্ম, অন্যটা তার দ্বিতীয় জন্মভূমির মতো আর ইংল্যান্ডের সঙ্গে আজন্মের শত্রুতা ছিল বলে। ফুটবলের ভালোবাসা, শান্তি আর ঐক্যের অসীম ক্ষমতা আছে বলেও মনে করেন প্রস্তাবনাকারীরা। তবে সমস্যা হলো বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী, ইউরো, আমেরিকা কাপ এবং উয়েফা নেশন্স লিগ নিয়ে ফিফার ফুটবল ক্যালেন্ডার ইয়ারে কোনো ফাঁকা জায়গা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত