শাবিপ্রবির অনার্স-মাস্টার্স পরীক্ষা ১৭ জানুয়ারি: ছাত্রীদের থাকার দায়িত্ব নেবে প্রশাসন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:২৯ পিএম

সেশনজট এড়াতে ১৭ জানুয়ারি থেকে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য জানান, চলমান মহামারি বিবেচনায় পরীক্ষার সময়কাল বিদ্যমান নির্ধারিত সময় তিন ঘণ্টার স্থলে দুই ঘণ্টা এবং দুই ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগের নিয়মে ৭০ নম্বরের পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব বিভাগকে পরীক্ষা শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে কোনো বিভাগ চাইলে নির্ধারিত সময়ের আগে পরীক্ষা শুরু করতে পারবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৭ জানুয়ারি থেকে নেয়ার ব্যাপারে একাডেমিক কাউন্সিলের সবাই একমত হয়েছেন। ইতিমধ্যে প্রত্যেক শিক্ষাবর্ষের ২ সেমিস্টারের অনলাইন শিক্ষা কার্যক্রম শেষ হয়েছে। এ ছাড়া টার্ম টেস্ট, অ্যাসাইনমেন্ট ও কুইজের মাধ্যমে ক্লাস পরীক্ষাগুলো মূল্যায়ন করা হয়েছে।

শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে তিনি বলেন, নারী শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে যদি কারো সমস্যা হয় তাহলে তারা যেন সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে। বিভাগ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যেহেতু হল খোলার সুযোগ নেই সেহেতু আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত