গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার হরিণহাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহ¯পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার হাফিজুর রহমান (৬২), তার ছেলে মো. রাজু (৩৩), রাজুর খালা শিউলি আক্তার (৫০) ও তাদের বাড়ির ভাড়াটে রুস্তম আলী (৩৪)।
কালিয়াকৈর থানার এএসআই সামসুদ্দোহা মামলার বরাত দিয়ে জানান, উপজেলার হরিণহাটি এলাকার একাধিক মামলার আসামি এমদাদুল হক (৩২)। তাকে গ্রেপ্তার করতে বুধবার রাত ১১টার দিকে কালিয়াকৈর থানার এসআই সামসুদ্দোহা ও এএসআই সুলতান উদ্দিন মোটরসাইকেলে করে তার বাড়ির পাশে যান। এ সময় আসামির চাচাতো ভাই রাজুসহ বেশ কয়েকজন পুলিশের গতিরোধ করেন এবং তাদের কাজে বাধা দেন। রাজু, তার বাবা, খালা ও তাদের বাড়ির ভাড়াটেসহ কয়েকজন সামসুদ্দোহা ও সুলতান উদ্দিনকে মারধর করেন। পরে হামলাকারীরা সুলতান উদ্দিনের কাছ থেকে একটি ঘড়ি ছিনিয়ে নেয় এবং পুলিশের ওই দুই কর্মকর্তাকে অবরোধ করে রাখে। এ সময় পুলিশ ওয়ারলেস সেটের মাধ্যমে থানায় সহায়তা চাইলে থানা থেকে পুলিশের আরেকটি দল গিয়ে অবরুদ্ধ দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার এবং ওই চার আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সামসুদ্দোহা বাদী হয়ে গতকাল বৃহ¯পতিবার সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়-সাতজনকে আসামি করে একটি মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, একাধিক মামলার আসামি ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে রাজুসহ অন্যরা পুলিশের ওপর হামলা করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে। অন্য আসামিরা পালিয়ে গেছে।
