লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় যুবলীগ নেতা নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩৩ পিএম

লক্ষ্মীপুরে আন্দার মানিক এলাকায় ডাকাতের হামলায় ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনির হোসেন নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী মিনোয়ারা বেগম গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ভোরে সদর উপজেলার আন্দার মানিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন অলি উল্যাহর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গভীর রাতে ৮/১০জনের একদল ডাকাত মনির হোসেনের ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের সবাইকে জিম্মি করে বেঁধে রাখে। মনির হোসেন ডাকাত দলের সদস্যদের বাধা দেন। ডাকাতরা এরপর মনির হোসেন ও স্ত্রী মিনোয়ারা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। ডাকাতরা এসময় মনির হোসেনের ঘর থেকে ২ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় মনির হোসেন ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর মনির হোসেন মারা যান। গুরুতর আহত স্ত্রী মিনোয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল জানান, মনির হোসেন ইটভাটার মাটির ব্যবসায় জড়িত ছিলেন। পাশাপাশি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দু’দিন আগে দুই লাখ টাকা উত্তোলন করে বাসায় নিয়ে আসেন তিনি। টাকার জন্য এ ঘটনা ঘটেছে।

সদর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মনির হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত