ক্যানসারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:০১ পিএম

ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে। পরে ১৫ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়।  
চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতাল থেকে আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানান, তার শ্বশুর এই মুহূর্তে কেমোথেরাপি দেওয়ার মতো অবস্থায় নেই। কারণ, এই থেরাপি সহ্য করার মতো যে শারীরিক শক্তি দরকার, তা এই অভিনেতা সহ্য করতে পারবেন না।  

চিকিৎসকদের বরাত দিয়ে জেমি বলেন, বাবার শরীরে শক্তি কম। শেষ পর্যন্ত তাকে কেমো দেওয়া হচ্ছে না। বাবাকে যেন বাংলাদেশে নিতে পারি, এই জন্য চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। 

জেমি জানান, ২০ ডিসেম্বর দুপুরের একটি ফ্লাইটে এই অভিনেতাকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। ঢাকায় ফেরার পরই তাকে একটি হাসপাতালে ভর্তি করা হবে।

বেশ কিছুদিন ধরে আবদুল কাদের অসুস্থ ছিলেন। ঠিকমতো খেতে পারছিলেন না। বিভিন্ন হাসপাতালে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করেও তার কোনো রোগ ধরা পড়ছিল না। পরে পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায়, এই অভিনেতার টিউমার হয়েছে। টিউমার ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তে ৮ ডিসেম্বর তাকে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে আবারও পরীক্ষা–নিরীক্ষা করা হলে ১৫ ডিসেম্বর ডাক্তাররা বোর্ড মিটিং করে এই অভিনেতার পরিবারকে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দেন। ক্যানসার বর্তমানে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এটি এখন চতুর্থ স্টেজে রয়েছে। 

হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে 'বদি' চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আব্দুল কাদের। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি।

এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত