মৌলভীবাজারের কমলগঞ্জে মাড়াইয়ের জন্য বাড়ির উঠানে রাখা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বত্তরা। গত শুক্রবার গভীর রাতে মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের প্রয়াত বলানন্দ সিংহের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, আগুনে ১৩৫ শতক জমির প্রায় ৬০ মণ পাকা আমন ধান পুড়ে ছাই হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার কাটা ধান মাড়াই দেওয়ার কথা থাকলেও শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে প্রতিবেশীরা। কিন্তু এর আগেই অধিকাংশ ধান পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী অক্ষয় কুমার সিংহ ও জয়লক্ষী সিংহ জানান, শনিবার ভোরে কৃষি মজুরদের চিৎকার শুনে জেগে দেখেন বলানন্দ সিংহের বাড়ির জমাটবদ্ধ ধান পুড়ছে।
বলানন্দ সিংহের মেয়ে মিনতি সিনহা ও পুত্রবধূ ঝর্ণা সিনহা জানান, তাদের পরিবারের দুই পুরুষ সদস্য চাকরির কারণে বাড়ির বাহিরে থাকেন। পুরুষশূন্য বাড়ি বলে বর্গাচাষি দিয়ে ধান চাষাবাদ করেন তারা। জমির ধান কেটে মাড়াই করতে বাড়িতে এনে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে সে ধান পুড়িয়ে দিয়েছে। আগুনে প্রায় ৬০ মণ ধান পুড়ে গেছে।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
