৫২ বছরে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আফসানা মিমি। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর তার জন্ম।
নব্বই দশকে মিমির অভিনয়ের অভিষেক হয়েছিল বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে। অভিনেতা ও নির্দেশক সৈয়দ মাহিদুল ইসলামের ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে অংশ নেন ‘রাজদর্শন’ নাটকে। মনোজ মিত্রের লেখা সেই নাটকে তিনি রানির চরিত্রে অভিনয় করেছিলেন।
গাজী রাকায়েতের হাত ধরে পরবর্তীকালে মিমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। নাগরিকের হয়ে প্রথম মঞ্চে উঠেছিলেন শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ অবলম্বনে আলী যাকেরের রচনা ও নির্দেশনায় ‘দর্পণ’ নাটকের কোরাস দলের একজন হয়ে। পরে অভিনয় করেন ‘নূরুলদীনের সারাজীবন’, ‘দর্পণে শরৎশশী’, ‘ঈর্ষা’ প্রভৃতি নাটকে।
সেই সূত্র ধরেই টিভিতে প্রবেশ। ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘বন্ধন’, ‘ডলস হাউজ’, ‘কাছের মানুষ’ ইত্যাদি নাটকে মিমির অভিনয় উজ্জ্বল হয়ে আছে।
তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর ‘নদীর নাম মধুমতি (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিগুলোতে তার দেখা মিলেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপপূণ্য’।
নিচে আফসানা মিমি অভিনীত চার সিনেমার ইউটিউব লিংক দেওয়া হলো—
