টম ক্রুজের আগেই মহাশূন্যে সিনেমা বানাচ্ছে রাশিয়া!

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রতিযোগিতা শুরু করেছে রাশিয়া। ২০২১ সালে টম ক্রুজের আগেই মহাশূন্যে অভিনেতা পাঠাতে চায় দেশটি।

ইন্ডি ওয়ারের এক প্রতিবেদনে বলা হয়, সম্ভবত ক্রুজের ২০ কোটি ডলার বাজেটের সিনেমাটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ ধারণ করা প্রথম মুভির রেকর্ড করতে পারছে না।

করোনাকালে হলিউডের অন্যতম বড় ঘোষণা ছিল, মহাশূন্যে সিনেমার দৃশ্যায়ন। সেই মতে, প্রথম অভিনেতা হিসেবে আইএসএস-এ ভ্রমণের কথা টম ক্রুজের। বিষয়টি নিয়ে টুইটও করে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা।

গত মাসে স্কাই নিউজ জানায়, রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস ‘চ্যালেঞ্জ’ নামের চলচ্চিত্রের জন্য চ্যানেল ওয়ানের সঙ্গে যূথবদ্ধ হয়েছে। তাদের পরিকল্পনা অনুসারে ২০২১ সালের অক্টোবরে মহাকাশ স্টেশনে একজন অভিনেত্রীকে পাঠানো হবে।

বর্তমানে ওই অভিনেত্রীকে খুঁজছে রসকসমস। ২৫ থেকে ৪০ বয়সী রাশিয়ান নারীকে অডিশনের মাধ্যমে এ চরিত্রে বাছাই করা হবে। আগ্রহীদের পেশাদার অভিনেত্রী না হলেও চলবে। অবশ্যই শারীরিকভাবে সবল হতে পাবে। এর জন্য কিছু মাপকাঠিও দেওয়া হয়েছে।

এক ঘোষণায় বলা হয়, নক্ষত্রমণ্ডলে যাওয়ার জন্য একজন সত্যিকারের সুপারহিরো খোঁজা হচ্ছে। যে কিনা একই সময়ে হবে আন্তর্জাতিক বড় তারকাও।

গত মে মাসে জানা যায়, টম ক্রুজের প্রজেক্টে একসঙ্গে কাজ করছে নাসা ও এলন মাস্কের স্পেসএক্স। পরিচালক হিসেবে থাকছেন ক্রুজের ‘এইজ অব ‍টুমরো’ ছবির পরিচালক লিমন। বর্তমানে চিত্রনাট্য লেখা হচ্ছে। ছবিতে আইএসএস-এ শুট করা কিছু অ্যাকশন দৃশ্য থাকবে।

তবে এ ছবির আগে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের দুই কিস্তির কাজ শেষ করতে চান টম ক্রুজ। যা করোনার আবহে পিছিয়ে গেছে। ২০২১ সালে মুক্তি পাবে অভিনেতার অতি প্রতীক্ষিত ‘টপ গান: মাভেরিক’, এ ছবিও চলতি বছর মুক্তির কথা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত