লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই কাউন্সিলর সমর্থকদের মাঝে সংঘর্ষে উভয় পক্ষের ৫ নেতা কর্মী আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রামগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ড রতনপুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
পৌর ৩ নম্বর ওয়ার্ড রতনপুর-মধুপুরের বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান ও আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. রাশেদ এর সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে বর্তমান কাউন্সিলরের ভাতিজা জুনায়েদ হোসেন (১৯), ৩নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৩০), ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ মোল্লা (৪২), সাবেক ছাত্রলীগ নেতা সফিক মোল্লা (৩৮), যুবলীগ নেতা সবুজ (৩২) ও যুবলীগ নেতা জাকির মোল্লা আহত হয়। এদের মধ্যে জুনায়েদ, মো. মামুনসহ ৩জনকে গুরুতর অবস্থায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বর্তমান কাউন্সিলর সমর্থক ফিরোজ আলম জানান, কাউন্সিলর শাহজাহান সাহেব শারীরিকভাবে অসুস্থ থাকায় আমি রামগঞ্জ জনতা ব্যাংক শাখায় ব্যাংক তার স্টেটমেন্ট আনতে গেলে অপর কাউন্সিলর প্রার্থী মো. রাশেদ তার গতিরোধ করে মো. শাহজাহানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়ে গালাগাল করে। এ সময় আমি তাকে গালাগাল করতে নিষেধ করলে সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এদিকে কাউন্সিলর প্রার্থী মো. রাশেদ হামলা ও গালাগালের ঘটনাটি মিথ্যা বলে জানান, বর্তমান কাউন্সিলর শাহজাহানের কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে আমার অফিস মিটিং চলাকালে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করলে যুবলীগ নেতা শাহাদত মোল্লা, সফিক মোল্লা, সবুজ ও জাকির মোল্লা মারাত্মক আহত হয়।
বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান জানান, নির্বাচনকে প্রভাবিত করতে একটি গ্রুপ এলাকায় মহড়া দিচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে। নির্বাচনের এখনো প্রায় ১মাস বাকি থাকলেও আমার কর্মী সমর্থকেরা তার বাহিনীর হাতে রক্তাক্ত হয়েছে। আমি এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আমরা সংঘর্ষের খবর শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই ধাওয়া দিলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। এ ছাড়া বর্তমান কাউন্সিলর ও অপর কাউন্সিলর প্রার্থীকে রাতে থানায় আসার জন্য বলা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
