প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিতে শেরপুরে বিএনপি নেতা আটক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য এবং ফেইসবুকে তা ছড়ানোর অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে মজিবর রহমান চৌধুরীকে (৪২) আটক করা হয়। অভিযুক্ত মজিবর নালিতাবাড়ীর ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকালে স্থানীয় পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে দলটি। এ সময় প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অরুচিকর ও অশালীন বক্তব্য প্রদান করেন ইউনিয়ন সভাপতি মজিবর। ওই বক্তব্য আবার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে নিজ ফেইসবুক টাইমলাইনে ছেড়ে দেন তিনি। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর আওয়ামী লীগের নেতারা বিষয়টি পুলিশকে অবহিত করলে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ দেয় পুলিশ। বিষয়টি নিয়ে একপর্যায়ে সমালোচনা সৃষ্টি হলে মঙ্গলবার পোড়াগাঁও নিজ এলাকা থেকে মজিবরকে আটক করে পুলিশ।

নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমীন বলেন, বিষয়টি জানার পর ওইদিন রাতেই মজিবরকে তার বক্তব্য প্রত্যাহার ও ফেইসবুক থেকে সরিয়ে নিতে বলি। কিন্তু সে আমার কথা শোনেনি।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত