ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি সিরিয়ার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০১:১২ পিএম

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে।

শুক্রবার আলজাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় চালানো ইসরায়েলের হামলা প্রতিহত করেছে।’

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে বিমানবাহিনীকে ইসরায়েলি হামলার জবাব দিতে দেখা যাচ্ছে। দাবি করা হয়, অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে এএফপি’র সংবাদদাতারা জানান, হামলার কিছু সময় আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে প্রতিবেশী দেশ লেবাননের আকাশ সীমায় চক্কর দিতে দেখা যায়।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা মাসিয়াফে বিমান হামলার কথা জানিয়ে বলেছে, ইসরায়েল এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ না করে ওই পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তবে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ায় নিয়মিত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তবে তারা গণমাধ্যমে এসব হামলার কথা স্বীকার করে না বললেই চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত