চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লাফিয়ে রক্ষা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৯ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে চালক-হেলপার এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ তরুণী একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী।

শনিবার সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ সময় সম্ভ্রম বাঁচাতে বাস থেকে লাফ দিয়ে রাস্তার পাশে পড়লে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দিরাই শহরের রাস্তা অবরোধ করে রাতে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।

তরুণীর চাচা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে দিরাইর উদ্যেশ্যে ছেড়ে আসা (সিলেট জ-বাস নং ১১০৭২৩) একটি যাত্রীবাহী বাসে ওই তরুণী দুপুরে তার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার জন্য বাসে উঠে । বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই মেয়ে ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায়। গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে তরুণীকে একা পেয়ে চালক ও হেলপার তার সাথে এ আচরণ করে। বাসটি আটক করা হয়েছে । চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত