পর্বতে উইলির উইলোবাজি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০১:০৯ এএম

মাঠে সদাই শান্ত থাকেন কেন উইলিয়ামসন। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের চরম উত্তেজনাতেও শান্ত দেখা গেছে তাকে। তার এই স্বভাবসুলভ আচরণই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই চালকের আসনে তুলে দিয়েছে নিউজিল্যান্ডকে। ২৪৩ বলে ৯৪ রানের (অপরাজিত) অসাধারণ ধৈর্যশীল ইনিংসে ৩ উইকেটে ২২২ রান এনে দেন কিউইদের। শনিবার দিন শেষে হোমগ্রাউন্ড মাউন্ট মঙ্গানুইয়ে ২৩তম টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন তিনি।

দিনের শুরুটা ছিল ভিন্ন। সবুজ উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের ভারপ্রান্ত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এ সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ১৩ রানে কিউইদের প্রথম দুই উইকেট তুলে নেন এই বাঁহাতি। শুধু প্রথম সেশন নয়, দিনজুড়েই শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও ফাহিম আশরাফ নিখুঁত লাইনে বল করেন। ২০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন আফ্রিদি। উইকেটশূন্য আব্বাস ২১ ওভারের ১১টিই নিয়েছেন মেডেন। রান দেন ২৫। আশরাফ ১৩ ওভারে রান দিয়েছেন ৩০। আর নাসিম শাহ ১৫ ওভারের দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে দেন ৫১ রান।

তবে তাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ও উইলিয়ামসনের স্কিল, টেম্পারামেন্ট ও ম্যাচ পড়ার ক্ষমতার কাছে পিছিয়ে ছিলেন তরুণ পাকিস্তানিরা। টেইলরের সঙ্গে ১২০ এবং ৪২ রানে অপরাজিত হেনরি নিকোলসকে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে ৮৯ রান যোগ করেছেন উইলিয়ামসন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২২২/৩ (উইলিয়ামসন ৯৪*, টেইলর ৭০, নিকোলস ৪২*; শাহিন আফ্রিদি ৩/৫৫)।

লম্বা সময়ের জন্য বাইরে শাদাব

মনে করা হচ্ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না। কিন্তু ডাক্তারি রিপোর্টের পর জানা গেল এই টেস্ট নয়, এই সিরিজ তো বটেই সামনের মাসের সিরিজেও খেলতে পারবেন না শাদাব খান। ঘরের মাঠে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলবে পাকিস্তান। নেপিয়ারে কিউইদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ঊরুর পেশিতে টান লাগে শাদাবের। স্ক্যানের পর জানা যায় কয়েক সপ্তাহের জন্য খেলার বাইরে থাকতে হবে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত