নাপিতকে চিকিৎসকের বিয়ে: পুলিশ কর্মকর্তার মন্তব্য নিয়ে সমালোচনা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:১৬ পিএম

নাপিতকে বিয়ে করায় নারী চিকিৎসক অন্যায় করেছেন, রংপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসের এমন মন্তব্যের সমােলোচনা চলছে। সামাজিক যোগযোগ মাধ্যম থেকে শুরু করে পুলিশেও চলছে এ নিয়ে সমালোচনা। 

পালিয়ে বিয়ে করা ওই চিকিৎসক ও নাপিতকে নিয়ে ২৩ ডিসেম্বর রংপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস নগরীর কেরানীপাড়া এলাকায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। 

তিনি এ ধরনের বিয়ে বিষয়ে আপত্তিও তোলেন। তিনি বলেন, একজন নাপিতকে বিয়ে করায় নারী চিকিৎসক অন্যায় করেছেন। স্বাধীনতা আছে বলেই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন না। তিনি শুধু পরিবার নয়, চিকিৎসক সমাজকে লজ্জায় ফেলেছেন।

তিনি জানান, ওই নারী চিকিৎসকের বাবা চিকিৎসক মেয়ে (৩৪) অপহৃত হয়েছেন বলে মামলা করেছিলেন। প্রায় ২১ মাস পর তাদের সবাইকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। ওই চিকিৎসক একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

যদিও আদালতে উপস্থাপনের পরপরই ওই নারী জানান, তিনি স্বামী–সন্তান নিয়ে সুখে সংসার করছেন, অপহরণের শিকার হননি। আদালত তার এই বক্তব্যের পরপরই তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। তার স্বামী এখনো অপহরণ মামলায় কারাগারে।

সংবাদ সম্মেলনের পর দিন এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা ফেইসবুকে লেখেন, 'আমি দুঃখিত ড. ...। আপনার অধিকারের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে আমার। আমি বিশ্বাস করি আপনি আপনার পছন্দের ব্যক্তিকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। কোনো সঙ্গীকে পছন্দ না হলে নিয়মতান্ত্রিক ও আইনী উপায়ে অপর কোনো সঙ্গী বা বন্ধু বেছে নেয়ার অধিকার আপনারও রয়েছে, যেমন অধিকার এদেশে আমি ভোগ করে থাকি প্রতিনিয়ত। আপনি যে নরসুন্দরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন স্বেচ্ছায়, তার প্রতিও রইলো শ্রদ্ধা। আমার সীমাবদ্ধতার জন্যও আমি লজ্জিত। বিশাল প্রক্রিয়ার একটি ক্ষুদ্র অংশ মাত্র আমি। কিন্তু, নিশ্চিত জানবেন, সীমাহীন আঁধারের শূন্যতায় একটি জোনাক পোকা হয়ে হলেও জ্বলছে আমাদের উদ্যোগ। আঁধারের বীর্যবিন্যাসে ক্ষুদ্র জোনাকীর পাঁচালী। শুভ কামনা'।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত