সোনাগাজীতে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০৬:৫০ পিএম

সোনাগাজীতে ঠান্ডা ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৭ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এর মধ্যে ১৩ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত যাদের মধ্যে ১ থেকে ৬ বছর বয়সী শিশুর পাশাপাশি নবজাতক শিশুও রয়েছে।  গত ২৫ দিনে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়া  আক্রান্ত হয়ে ৩৮৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিন হাসপাতালে গিয়ে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত ৩১ জন শিশুকে চিকিৎসাধীন পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য নিবন্ধন বইয়ের তথ্য মতে,  ১ ডিসেম্বর থেকে রবিবার দুপুর পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়ার ৮০০ রোগী ভর্তি করা হয়েছে । এর মধ্যে শিশু ও বৃদ্ধ নারী পুরুষের সংখ্যা বেশি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সাদেকুল করিম ও মোহাম্মদ ইসমাইল জানান , গত ২৫ দিনে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি যাদের অধিকাংশ  হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান।

হাসপাতালে চিকিৎসাধীন চর চান্দিয়া গ্রামের আবুল হোসেন বলেন, শুক্রবার সকালে তার এক বছর বয়সী ছেলে মোহাম্মদ তামিমের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়, এর কিছুক্ষণ পর থেকে ডায়রিয়া দেখা দেয়। নিয়ন্ত্রণে না আসায় দুপুরে তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ ডা: আরমান বিন আবদুল্লাহ বলেন, শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া লক্ষণ দেখা দিলে দেরি না করে তাকে হাসপাতালে ভর্তি করা জরুরি। রোটা নামক ভাইরাস জীবাণুর কারণে বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উৎপল দাস বলেন, শীত আসায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, হাসপাতালে আসা রোগীদের সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত