রাঙ্গামাটিতে জিম্মিদশা থেকে ইটভাটার ৪ শ্রমিক উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৩২ এএম

রাঙ্গামাটির কাউখালীর কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার কেএমবি ইটভাটায় অভিযান চালিয়ে নারীসহ চার শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ইটভাটার একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।

ওই চার শ্রমিককে জিম্মি করে চাঁদা আদায় ও মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কেএমবি ইটভাটার মালিক ফারুককে। উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন মুক্তা বেগম (৩৭), ফরহাদ (১৬), জাহাঙ্গীর আলম (১৮) ও জাহিদ (২৮)।

ওই শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক দীর্ঘদিন তাদের জিম্মি করে বিনা বেতনে ইটভাটায় কাজ করাচ্ছিলেন। রাতে তাদের শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালাতেন। দফায় দফায় বিকাশে শ্রমিকদের পরিবারের কাছ থেকে ৭০ হাজার টাকা মুক্তিপণ নেয় ফারুক। কৌশলে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে এ খবর দেন জিম্মি শ্রমিকরা। কাউখালী থানার ওসি শহিদ উল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ চার শ্রমিককে ইটভাটার একটি কক্ষ থেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃতরা তাদের জিম্মি করে চাঁদা আদায় ও নিয়মিত মারধরের অভিযোগ এনে কাউখালী থানায় ইটভাটার মালিক ফারুকের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত