গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর কাজীপাড়া গ্রামে গতকাল সোমবার সকালে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে সাহেলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সাহেলা ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী আকন্দ ওরফে বিশার স্ত্রী।
রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রবিউল করিম দুলা জানান, কয়েক দিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে সাদুল্লাপুরে। শীত নিবারণের জন্য সোমবার সকালে সাহেলা নিজ বাড়ির আঙিনায় খড়কুটায় আগুন জ্বালিয়ে পোহাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই তার পরনের শাড়িতে আগুন লেগে গিয়ে তিনি দগ্ধ হন। পরে স্থানীয়ভাবে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।
